ডিসি হিল ও শিরীষতলায় আজ থেকে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে নগরের ডিসি হিল ও সিআরবির শিরীষতলায় এ উপলক্ষে পৃথক অনুষ্ঠান শুরু হবে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ প্রতিবারের মতো এবারও ডিসি হিলে দুই দিনব্যাপী অনুষ্ঠান করবে। ‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’ এই স্লোগান সামনে রেখে আজ বিকেল চারটায় সম্মিলিত সংগীতের মধ্য দিয়ে বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে। দুই দিনের অনুষ্ঠানে চিরায়ত বাংলা গান, একক ও দলীয় সংগীত পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা। বর্ষবিদায় উপলক্ষে এবার সম্মাননা দেওয়া হবে সাংবাদিক ও সংগঠক নাসিরুদ্দিন চৌধুরী এবং প্রবীণ মঞ্চ রূপসজ্জাকর সাধন দেকে।
ডিসি হিলে বর্ষবিদায়ের পরদিন শুক্রবার ভোর ছয়টায় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর রাগসংগীতের মধ্য দিয়ে নববর্ষের অনুষ্ঠান শুরু হবে।
এদিকে আজ বিকেলে নগরের সিআরবি শিরীষতলায় দুই দিনের বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা বর্ষবিদায় ও বরণ পরিষদ। ঢোল বাদন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আরও উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাই।
শুক্রবার সকাল থেকে শুরু হবে নববর্ষের অনুষ্ঠান।
বর্ষবিদায় উপলক্ষে আজ চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে বর্ষবিদায়ের শোভাযাত্রা। চারুকলার দেয়ালচিত্র ধ্বংস করার প্রতিবাদে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করবে। আর শুক্রবার পয়লা বৈশাখের সকালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।
এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব, ফুলকি, শিশুমেলাসহ বিভিন্ন সংগঠন বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।