ডিসি হিলে একখণ্ড 'পার্বত্য চট্টগ্রাম'

মঞ্চে চলছে পাহাড়ি নৃত্য ও গান। সেই গানের তালে তালে নাচছেন তরুণ-তরুণীরা। তাঁদের পরনে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় পোশাক। মারমা, চাকমা, ত্রিপুরা, রাখাইন, তঞ্চঙ্গ্যাসহ নানা সম্প্রদায়ের নর-নারী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করছেন নিজ নিজ ভাষায়। গতকাল শুক্রবার বৈসাবি উৎসবকে ঘিরে চট্টগ্রাম নগরের ডিসি হিল যেন হয়ে উঠেছিল একখণ্ড পার্বত্য চট্টগ্রাম।
‘বৈসাবির চেতনায় জাগো, ঐক্য-সংহতি-ভ্রাতৃত্ববোধ জোরদার করো’ এই স্লোগানে চট্টগ্রাম নগরে বসবাসরত পার্বত্য এলাকার বাসিন্দারা এ উৎসবের আয়াজন করে। ‘চট্টগ্রাম সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি’র ব্যানারে আয়োজিত এই উৎসবকে ঘিরে মুখর ছিল পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন বয়সী নর-নারী। পার্বত্য চট্টগ্রামে বসবাস করা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবি।
গতকাল সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার। পরে ডিসি হিল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন শোভাযাত্রা। অংশগ্রহণকারীদের অনেকে ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল কর’, ‘বিভেদ নয়, ঐক্য চাই’—এ রকম বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার প্ল্যাকার্ড বহন করেন। নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ডিসি হিলে ফিরে আসে শোভাযাত্রাটি। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাপাইংখয় মারমার সভাপতিত্বে ও সদস্যসচিব চৈতন্য বিকাশ চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রইসুল হক বাহার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা টিপি অং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমীর উদ্দীন, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব-৩ অঞ্চলের সভাপতি ভুলন লাল ভৌমিক প্রমুখ।
রইসুল হক বাহার বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ দীর্ঘদিন ধরে শোষিত, নিপীড়িত ও বঞ্চিত। আন্দোলনের মধ্য দিয়ে কিছু কিছু অধিকার আদায় হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পাহাড়ি জনগণের সঙ্গে সমতলের জনগণের ঐক্য, সংহতি ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন হবে।
পরে বিকেলে মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।