ডিসি হিলে কোনো ধরনের খাবারের দোকান ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ডিসি হিলের বর্তমান মঞ্চকে আরও নান্দনিক করার পাশাপাশি ও হাঁটার পথ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
মে দিবস উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। পরে ডিসি হিলের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান।
গৃহায়ণমন্ত্রী বলেন, ‘ডিসি হিলের উন্নয়ন নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে আলোচনা করে এটি নিরসন করা হবে। আমরা জনগণের কথা চিন্তা করে কাজটি করছি। তাঁরাও জনগণের জন্য কাজ করছেন। এ বিষয়ে আমরা কোনো ধরনের আইনি লড়াইয়ে যাব না।’
তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ডিসি হিলে কেউ অনুষ্ঠান করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন করা হলে ডিসি হিল আরও সুরক্ষিত হবে। ঢাকার রমনা পার্কের মতো এখানে নিরাপত্তার জন্য আনসার মোতায়েন ও পার্ক আলোকায়ন করা হবে।’
এদিকে ডিসি হিল ঘিরে নান্দনিক সৌন্দর্যের পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের দাবিতে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে পূর্বাশার আলো নামের এক সংগঠন।
চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, উন্নয়ন বা সংস্কারের নামে ডিসি হিলের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুণ্ন করা যাবে না। ধ্বংস করা যাবে না এই পাহাড়ের জীববৈচিত্র্য। তবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এই পার্কের উন্নয়ন দরকার।
উল্লেখ্য, গত ৫ মার্চ মোশাররফ হোসেন ডিসি হিল পরিদর্শন করে এর উন্নয়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব চউককে নেওয়ার নির্দেশ দেন। চউক পার্কের উন্নয়নে ছয় কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য গত ২৮ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠায় ও ৩০ এপ্রিল স্থানীয় দৈনিকে উন্নয়নকাজের দরপত্র বিজ্ঞপ্তি দেয়। কিন্তু অনুমতি না নেওয়ায় দরপত্র প্রক্রিয়া বন্ধ রাখতে চউককে উকিল নোটিশ দেন চট্টগ্রাম জেলা প্রশাসক।