ডিসি হিলে খাবার দোকান-টাওয়ার হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডিসি হিলে কোনো ধরনের খাবারের দোকান ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ডিসি হিলের বর্তমান মঞ্চকে আরও নান্দনিক ও হাঁটাপথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হবে বলে তিনি জানান।

আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য শেষে গণমাধ্যমের কর্মীদের মন্ত্রী ডিসি হিলের উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা জানান। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মে দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘ডিসি হিলের উন্নয়ন নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে আলোচনা করে এটি নিরসন করা হবে। আমরা জনগণের কথা চিন্তা করে কাজটি করছি। তাঁরাও জনগণের জন্য কাজ করছেন। এ বিষয়ে আমরা কোনো ধরনের আইনি লড়াইয়ে যাব না।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, ডিসি হিল ছাড়া অন্য কোথাও পার্ক করা যায় কি না? তখন আমি বলেছি চট্টগ্রামবাসীর সঙ্গে ডিসি হিলের আত্মার সম্পর্ক রয়েছে। কেননা বৈশাখী উত্সবসহ প্রধান অনুষ্ঠানগুলো এখানে আয়োজন করা হয়।’

তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ডিসি হিলে কেউ অনুষ্ঠান করতে পারবে না বলে জানান মন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘উন্নয়ন করা হলে ডিসি হিল আরও সুরক্ষিত হবে। রাত নয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক আরও শান্তিতে থাকতে পারবেন। রমনা পার্কের মতো এখানে নিরাপত্তার জন্য আনসার মোতায়েন ও পার্ক আলোকসজ্জা করা হবে।’

গত ৫ মার্চ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ডিসি হিল পরিদর্শন করে এর উন্নয়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব চউককে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চউক এই পার্কের উন্নয়নে ছয় কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য গত ২৮ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠায় ও ৩০ এপ্রিল স্থানীয় দৈনিকে উন্নয়ন কাজের দরপত্র বিজ্ঞপ্তি দেয়। কিন্তু অনুমতি না নেওয়ায় দরপত্রপ্রক্রিয়া বন্ধ রাখতে চউককে ৬ মে চিঠি ও ৮ মে উকিল নোটিশ দেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, উন্নয়ন বা সংস্কারের নামে ডিসি হিলের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুণ্ন করা যাবে না। ধ্বংস করা যাবে না এই পাহাড়ের জীব ও উদ্ভিদ বৈচিত্র্য। তবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এই পার্কের উন্নয়ন দরকার।

এদিকে ডিসি হিলকে ঘিরে নান্দনিক সৌন্দর্যের পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পূর্বাশার আলো নামের এক সংগঠন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার প্রমুখ।