ডিসি হিলে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলে (নজরুল স্কয়ার) পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ।
‘প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে ডিসি হিলে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স চাই’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়৷ গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এ সভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম।
সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ও নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দার। সভায় বক্তারা ডিসি হিল থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসা অন্য কোনো এলাকায় সরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, ‘ডিসি হিল নিয়ে আমলাদের বক্তব্য বিস্ময়কর। তাঁরা যা করছেন তা অন্যায়।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দাবি জানানো হবে।’ ডিসি হিলের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভূমিকা যথার্থ ছিল না বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সবাই ডিসি হিলের উন্নয়ন চাই। সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে ডিসি হিলকে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ দরকার।’
শহীদজায়া মুশতারী শফী বলেন, ডিসি হিল থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসা অন্য স্থানে সরিয়ে নিয়ে সেখানে সাংস্কৃতিক কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হোক।
রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন বলেন, ডিসি হিলের পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে এর উন্নয়ন করতে হবে। এ জন্য উপযুক্ত মানুষদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
সভায় অন্য বক্তারা বলেন, ডিসি হিল ডিসির সম্পত্তি নয়। এটা জনগণের সম্পদ। তাই ব্যক্তিস্বার্থ দেখলে হবে না। সবার সমন্বিত প্রচেষ্টায় ডিসি হিলকে জনগণের জন্য গড়ে তুলতে হবে এবং সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, প্রকৌশলী সুভাষ বড়ুয়া ও দেলোয়ার মজুমদার, মুক্তিযুদ্ধ-গবেষক ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক নাসিরুদ্দীন চৌধুরী, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আইনজীবী চন্দন কুমার দাশ, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত৷
প্রসঙ্গত, চউক ডিসি হিলের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে গত ২৮ এপ্রিল প্রকল্প প্রস্তাব পাঠায় এবং ৩০ এপ্রিল স্থানীয় দরপত্র বিজ্ঞপ্তি দেয়। তবে জেলা প্রশাসক দরপত্র-প্রক্রিয়া বন্ধ রাখতে ৬ মে চিঠি ও ৮ মে উকিল নোটিশ দেয় চউককে৷ পরে রোববার দরপত্র-প্রক্রিয়া বাতিল করে চউক।