ডিসি হিলে বইমেলা
চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে নয় দিনব্যাপী একুশের বইমেলার উদ্বোধন করা হয়েছে। একুশ মেলা পরিষদ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একুশ মেলা পরিষদের মহাসচিব মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, মেলা পরিষদের যুগ্ম মহাসচিব শওকত আলী, অধ্যাপক মাসুম চৌধুরী প্রমুখ। মেলায় ৩০টি বই বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় আলোচনা, ছড়া, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।