ডিসি হিলের পরিবেশ নষ্ট করে উন্নয়ন না করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডিসি হিলের পরিবেশ বিনষ্ট করে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ বিষয়ে যাতে যথাযথ ব্যবস্থা নেয়, সে জন্য কমিটি পরিবেশ ও বন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ডিসি হিল ক্ষতিগ্রস্ত হলে এলাকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে।
হাছান মাহমুদ আরও বলেন, সভায় বন বিভাগের অনুমতি ছাড়া চট্টগ্রামের সিআরবিতে রাস্তা সম্প্রসারণের নামে রেলওয়ের শতবর্ষী গাছ কাটা হয়েছে। কমিটি অপকর্মের সঙ্গে জড়িত রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে পলিথিনের ব্যবহার রোধে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম এবং আবদুর রহমান, নবী নেওয়াজ, গোলাম রব্বানী, টিপু সুলতান ও মেরিনা রহমান অংশ নেন।