ডিসিদের অন্যতম চাওয়া হবে আদালত অবমাননার সংজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আদালত অবমাননার কারণ সুনির্দিষ্টকরণ, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ‘সহযোগিতার অভাবের’ প্রতিকার ও বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিচারিক ক্ষমতা—মূলত এ তিনটি বিষয় চাইবেন ডিসিরা। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে উদ্বোধনী ভাষণ দেবেন।জানতে চাইলে একাধিক জেলা প্রশাসক প্রথম আলোকে গতকাল শনিবার বলেন, জনস্বার্থে সরল বিশ্বাসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাঁদের আদালত অবমাননা মামলার সম্মুখীন হতে হয়। কিন্তু আদালত অবমাননার কোনো সংজ্ঞা আইনে নির্ধারিত নেই। তাই ডিসিদের পক্ষ থেকে একে সংজ্ঞায়িত করে একটি নতুন আইন করার প্রস্তাব দেওয়া হবে। আদালত অবমাননার সংজ্ঞা নির্ধারণ করে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। কিন্তু সংসদ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না করায় তা অকার্যকর হয়ে গেছে।জানা গেছে, ডিসিরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হলেও পুলিশ সুপাররা আইনশৃঙ্খলাসংক্রান্ত তাঁদের সব আদেশ মানেন না—এমন অভিযোগও উত্থাপন করা হবে সম্মেলনে। আইনশৃঙ্খলাসংক্রান্ত বেশির ভাগ সভায় পুলিশ সুপাররা উপস্থিত থাকেন না বলেও কথা তুলবেন ডিসিরা। অন্যান্য বিষয়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ, তদারকি ও মজুদদারবিরোধী অভিযানে নির্বাহী হাকিমদের আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হবে। ডিসিরা ভূমি ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে তহশিলদারের কার্যালয় ও জনবলসংকটের সমাধান এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে তাঁদের সমস্যা ও ভূমিকা নিয়ে কথা বলবেন। এ ছাড়া মাঠ প্রশাসনের কাজে গতিশীলতা আনতে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থাও সম্মেলনে তুলে ধরবেন তাঁরা। পাশাপাশি প্রতিবারের মতো এবারও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমের ওপর জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকার, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, আইনসহ ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর আলোচনা হবে। শেষ দিনে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন ২০১০ শেষ হবে।প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক, ঢাকার ডিসি মহিবুল হক, নওগাঁর ডিসি নাজমান আরা বেগম এবং পঞ্চগড়ের ডিসি বনমালী ভৌমিক বক্তব্য দেবেন বলে জানা গেছে।