সংবাদপত্রের নিবন্ধন বাতিলের ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়ার জন্য যে প্রস্তাব উঠেছে, তা নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রতিবারই জেলা প্রশাসকেরা ডিসি সম্মেলন সামনে রেখে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রস্তাব করেন। এবারও কেউ হয়তো এমন প্রস্তাব করেছেন। কিন্তু এই মুহূর্তে এ নিয়ে কোনো আলোচনাই করছি না। দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না।
গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলন সামনে রেখে ঢাকার জেলা প্রশাসক লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছিলেন। এ খবর প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটিও বলেছে, পত্রিকার নিবন্ধন বাতিলের ক্ষমতা ডিসিদের দেওয়া যাবে না। এ অবস্থায় তথ্যমন্ত্রীও এ ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহে প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় উঠতে পারে। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারতের সঙ্গে সমুদ্রসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয় নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তারা তথ্য না দিয়ে মনগড়া কথা বলছে। এ জন্য বিএনপির নেতাদের ‘মিথ্যাচারের’ রাজনীতি ছাড়ার আহ্বান জানান তিনি।
বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রীকে পৃথিবী থেকে বিদায় নয়, রাজনীতি থেকে বিদায়ের কথা বলেছি। আবারও বলছি, খালেদা জিয়া যদি জামায়াত, জঙ্গি ও হেফাজতিদের ত্যাগ না করেন, তাহলে অবশ্যই তাঁকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’