ডিসিদের প্রতি ২১ দফা নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

২১টি বিষয়ে বিশেষভাবে লক্ষ রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডিসিদের শুধু সরকারি কর্মকর্তা হিসেবে নয়, দেশপ্রেমিক নাগরিক হিসেবেও কাজ করতে বলেছেন।
তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এ কথা বলেন। অন্যদিকে মন্ত্রণালয়ভিত্তিক আলোচনায় ডিসিরা বলেছেন, পাবলিক পরীক্ষায় এমসিকিউর উত্তর অনেক শিক্ষক বলে দেন। কর কর্মকর্তারা ডিসিদের কথা শোনেন না। এসব সমস্যা সমাধান করতে হবে। তাঁরা ভ্রাম্যমাণ আদালত আইনের ক্ষমতা বাড়ানোরও প্রস্তাব করেন।
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিদের সঙ্গে কর কর্মকর্তাদের দূরত্বের কথাও উঠে আসে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর আদায়ে ডিসিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চান তিনি। এ ছাড়া বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী-সচিবদের কাছে তুলে ধরেন ডিসিরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি জেলায় কী ধরনের নতুন কাজ হাতে নেওয়া যায়, যা ওই জেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে, সেই ধরনের নতুন নতুন পন্থা বের করতে হবে।
জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ হিসেবে ভূমিকা পালনে পুরোনো দিনের আমলাতান্ত্রিক ধ্যানধারণা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা চলতি বছরের শুরুতে এবং এর আগে কিছু রাজনৈতিক দলের ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য ও নিরপরাধ মানুষের প্রতি নৃশংসতা দমনে গৃহীত পদক্ষেপের জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান। মুক্ত আলোচনায় ডিসিদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে তথ্যপ্রযুক্তির উন্নয়নে সার্বিক সহায়তা দিতে হবে। সেবা নিতে মানুষদের হয়রানি না হওয়া, মানব পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার, যৌতুক, ইভ টিজিং ও বাল্যবিবাহ বন্ধে জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নেওয়াসহ ২১টি নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, নানা কাজের মাঝেও আপনাদের এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাসহ কয়েকজন বিভাগীয় কমিশনার ও ডিসি বক্তব্য দেন। প্রধানমন্ত্রী নিজ এলাকায় ডিজিটাল সার্ভিস উন্নয়নে অবদানের জন্য রংপুরের বিভাগীয় কমিশনার দেলওয়ার বখত, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক এম সালাউদ্দিনকে ‘ডিজিটাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় বিভাগীয় কমিশনার ও ডিসিদের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত আইনের কিছু ক্ষমতা বাড়ানো এবং বিধিমালা করার দাবি জানানো হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন হচ্ছে। কিছুদিনের মধ্যে তা সংসদে পাস হওয়ার জন্য যাবে।
চোরাচালান রোধে ডিসিরা সীমান্তে ‘রিং রোড’ করার প্রস্তাব করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে ‘রিং রোড’ না করতে পারলেও যে ৭০০ কিলোমিটার এলাকায় বিওপি (সীমান্তচৌকি) নেই, সেসব এলাকায় বিওপি তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তৈরি হচ্ছে।
পরীক্ষায় এমসিকিউর উত্তর বলে দেন অনেক শিক্ষক—এই অভিযোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সব শিক্ষক নয়, যাঁরা এসব করেন তাঁরা শিক্ষকসমাজের কলঙ্ক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কয়েকজন ডিসি শিক্ষকসংকটের কথাও বলেন। সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শিক্ষকদের দ্রুত গেজেট জারির প্রস্তাব করেন ডিসিরা। পরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনিয়ম ঠেকাতে পিএসসির আদলে আলাদা কমিশন গঠন করা হবে।
দীপু মনিকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী: বার্তা সংস্থা বাসস জানায়, আওয়ামী লীগের অসুস্থ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে দেখতে গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে দীপু মনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।