ডিসিদের সম্মেলনে ৩২১ প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত
তিন দিনের সম্মেলনে জেলা প্রশাসকদের (ডিসি) করা ৩২১টি প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত না পেয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে গেলেন ডিসিরা। তবে জেলা প্রশাসনকে সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং সরকারের গৃহীত কর্মসূচিতে তদারকি বাড়ানোর সুস্পষ্ট নির্দেশনা পেয়েছেন তাঁরা।মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ বলেছেন, ডিসিদের প্রস্তাব পর্যালোচনা করে যতটুকু সম্ভব বাস্তবায়ন করা হবে। ডিসিদের তিন দিনের সম্মেলন গতকাল শেষ হয়েছে।সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র, আইন, নৌ, তথ্য ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, বস্ত্র ও পাট, পানিসম্পদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, পার্বত্য চট্টগ্রাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে ডিসিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব তিন দিনের সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, এবার ৩২১টি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।রোহিঙ্গা শরণার্থী বিষয়ে সতর্ক থাকার নির্দেশ: রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল ডিসিদের উদ্দেশে বলেন, আগে খাতা-কলমে রোহিঙ্গা ২৮ হাজার থাকলেও এখন এ সংখ্যা ৪০ হাজারের ওপরে। হিসাবের বাইরে আরও অসংখ্য রোহিঙ্গা রয়েছে। তাদের আসা অব্যাহত রয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী জেলা প্রশাসকদের এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।সরকারি কৌঁসুলিদের প্রতি হুঁশিয়ারি: আইন মন্ত্রণালয়সম্পর্কিত বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসকেরা সলিসিটর উইং এবং সরকারি কৌঁসুলিদের (জিপি বা পিপি) অসহযোগিতার অভিযোগ করেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জেলা প্রশাসকদের উত্থাপিত বিষয়গুলো আইন অনুযায়ী নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দেন। জিপি বা পিপি যে-ই হোক, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেন তিনি।নাব্যতা বাড়াতে উদ্যোগী সরকার: নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় মন্ত্রী শাজাহান খান বলেন, আগে দেশে ৬০ হাজার কিলোমিটার নদীর নাব্যতা ছিল। এখন রয়েছে চার হাজার কিলোমিটার। বর্তমান সরকার ইতিমধ্যে এর পরিমাণ ছয় হাজারে উন্নীত করতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে সব নদী উদ্ধার করা হবে।ভূমি বন্দোবস্ত চালুর প্রস্তাব: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনায় জেলা ভূমি বন্দোবস্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নীতিমালার মাধ্যমে বন্দোবস্ত কার্যক্রম চালুর জন্য রাঙামাটির জেলা প্রশাসক প্রস্তাব করেন।