ডিসির অনুদান পেলেন ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় মহারাজার দীঘির পাড়ের বাসিন্দা ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়ার হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) অমল কৃষ্ণ মণ্ডল। মুক্তু মিয়ার বাড়িতে গিয়ে গত মঙ্গলবার বিকেলে তাঁর সঙ্গে দেখা করেন অমল কৃষ্ণ মণ্ডল। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা, ছয়টি কম্বল, ৫০ কেজি চালসহ ২০১৬ সালের বিজয় দিবসের স্মৃতিস্মারক তাঁর হাতে তুলে দেন।
সহযোগিতা পেয়ে মুক্তু ডিসি অমলকে ধন্যবাদ জানান। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী উপস্থিত ছিলেন। অমল কৃষ্ণ প্রশাসনের পাশাপাশি সবাইকে এই ভিক্ষুক মুক্তিযোদ্ধার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।