গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কাছে শপথ গ্রহণ করেছেন।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ১১ আগস্ট ঢাকায় শপথ গ্রহণ করেন। কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকায় সেদিন শপথ নিতে পারেননি ৫৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর গিয়াস উদ্দিন।
সূত্র জানায়, নির্বাচনে গিয়াস উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম ৭ আগস্ট গিয়াস উদ্দিনের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শপথ গ্রহণের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পরে এর বিরুদ্ধে গিয়াস উদ্দিন চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এতে তাঁর শপথ নেওয়ার বাধা কেটে যায়।
আবেদনে মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, ব্যাংক এশিয়ার টঙ্গী শাখায় ঋণখেলাপি হওয়ার পরও কাউন্সিলর পদে গিয়াস উদ্দিন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন।