ডিসির কার্যালয় অভিমুখে মিছিল স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনডি বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে একনেকে পাস হওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।

গতকাল সোমবার দুপুরে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে জেলা প্রশাসক (ডিসি) রাব্বী মিয়ার হাতে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে জালকুড়ি, কোতালেরবাগ, দক্ষিণ সস্তাপুর, বুড়ির দোকান, ইসদাইর, গাবতলী, সেয়াচর, রসুলপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগী মানুষ অংশ নেন।

স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান, সিপিবির নেতা বিমল কান্তি দাস প্রমুখ।

সংহতি জানিয়ে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর ডিএনডি বাঁধের ভেতরে বসবাসকারী প্রায় ২০ লাখ মানুষ সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহায়। এই এলাকায় ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অংশ ও একাধিক ইউনিয়ন পরিষদ আছে। এখানে রয়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ বহু শিল্পপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ। বাঁধের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তিন-চার ফুট পর্যন্ত জলাবদ্ধতা থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। রাস্তাঘাট ডুবে থাকায় জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

বক্তারা বলেন, ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনো শুরুই হয়নি। অবিলম্বে ডিএনডি এলাকার পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ নিতে হবে; অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।