ডিসির কার্যালয় ঘেরাও, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকির খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। তাঁরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। এতে তানভীর হত্যাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংস্কৃতিকর্মীরা গতকাল দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। কিন্তু পুলিশপ্রধান ফটকে তালা লাগিয়ে দিলে তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় নেতা-কর্মীরা তালা ভেঙে কার্যালয় চত্বরের ভেতরে ঢোকেন। পরে সংস্কৃতিকর্মীদের নেতৃস্থানীয় কয়েকজন জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি গ্রহণে অনুরোধ জানান। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানালে বাইরে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর জেলা প্রশাসক নিচে এসে স্মারকলিপি গ্রহণ করে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, তানভীর হত্যাকাণ্ডের ঘটনায় এখনো খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। খুনিদের শিগগিরই গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বক্তব্য দেন খেলাঘরের জেলা সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক ভূঁইয়া প্রমুখ।উদীচীর সভাপতি বলেন, জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানালে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।জানতে চাইলে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল সাংবাদিকদের বলেন, ‘তাঁরা (বিক্ষোভকারী) আমাকে অফিসের নিচে এসে স্মারকলিপি গ্রহণ করার অনুরোধ জানান। কিন্তু নিয়ম অনুযায়ী অফিসে স্মারকলিপি দিতে হয় বলে আমি নিচে যেতে অস্বীকৃতি জানাই। কিন্তু এটি যেহেতু নৃশংস হত্যাকাণ্ড, তাই নিচে গিয়ে স্মারকলিপি গ্রহণ করি।’স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রফিউর রাব্বির ভূমিকা ছিল। এ ছাড়া বাস ভাড়া কমানোর দাবি এবং রেলওয়ের জমি দখলের প্রতিবাদসহ বিভিন্ন নাগরিক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এসব কারণে তাঁর ছেলেকে খুন করা হয়েছে।