ডিসির কার্যালয় থেকে বেতনের টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নেজারত বিভাগের কক্ষের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কর্মচারীদের বেতন-বোনাসের ছয় লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।জয়পুরহাট থানার পুলিশ ও জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার জেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ও বোনাস বাবদ আট লাখ ২৮ হাজার টাকা সোনালী ব্যাংক থেকে তুলে আনা হয়। ওই দিন কয়েকজন কর্মচারীকে তাঁদের প্রাপ্য দুই লাখ ১৮ হাজার টাকা বিলি করা হয়। বাকি ছয় লাখ ১০ হাজার টাকা নেজারত বিভাগের সিন্দুকে রেখে নেজারত বিভাগের নাজির আসাদুজ্জামান চৌধুরী বাড়িতে চলে যান। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি অফিসে এসে দেখেন সিন্দুক ভাঙা আর ওই টাকাও নেই। ঘটনায় জড়িত সন্দেহে নেজারত বিভাগের নাজির আসাদুজ্জামান চৌধুরী, সহকারী নাজির মেহেদী হাসান ও আবুল কালাম, পিয়ন আজাহার উদ্দীন, মনোয়ারা বেগম, মোখলেছার রহমান, আলাউদ্দীন, নৈশপ্রহরী আমজাদ হোসেন ও রুহুল ইসলামকে আটক করে থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, নেজারত বিভাগের নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ঘটনার সঙ্গে নেজারত বিভাগের কেউ জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় কারা জড়িত, বিষয়টি তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে নেজারত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত লোকদের আসামি করে সদর থানায় মামলা করেছেন।