ডিসির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
মাগুরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা।
এতে ইজিবাইকের যাত্রী ডিসি কার্যালয়ের কর্মচারী খাদিজা খাতুন আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম ওরফে কবিরকে (৩৪) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ডিসির কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা তরিকুলের নেতৃত্বে অবরোধের সমর্থনে পথসভা হচ্ছিল। এ সময় কার্যালয়ের সামনে পৌঁছানো মাত্রই অবরোধকারীরা খাদিজা খাতুনকে নিয়ে আসা ইজিবাইকের কাচ ভাঙচুর করেন ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে খাদিজা আহত হন। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ শহরের স্টেডিয়াম এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করে। মাগুরা সদর থানার ওসি এম এ হাসেম জানান, ইজিবাইক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তরিকুলকে আটক করা হয়েছে।