ডিসির কৌতূহল অতঃপর ধরা
ফরিদপুর শহরের শরীয়তুল্লাহ কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত বাজার ঘোষণা দিতে গত রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে এ বাজারকে ফরমালিনমুক্ত বাজার ঘোষণাও দেন জেলা প্রশাসক। কিন্তু তাঁরই কৌতূহলের কারণে ঘটে ‘বিপত্তি’। অতিথিদের জন্য আনা কমলালেবুতে ফরমালিনের উপস্থিতি মেলে। এতে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জেলা প্রশাসক।রোববার বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবিবুর রহমান। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোনতাকি ইবনে মিনার, জেলা মৎস্য কর্মকর্তা মেজবাউল হক প্রমুখ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বক্তৃতা পর্ব শেষ হওয়ার পর বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এরপর বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অতিথিদের কমলালেবু, সন্দেশ ও সমুচা দিয়ে আপ্যায়ন করা হয়। খাবার গ্রহণের আগে জেলা প্রশাসক কৌতূহলবশত কমলালেবুতে ফরমালিন আছে কি না, তা পরীক্ষা করার নির্দেশ দেন। ফরমালিন পরীক্ষা করার যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে কমলালেবুতে ১ দশমিক ৭ মাত্রার ফরমালিন পাওয়া যায়।এ ঘটনায় জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বাজার কমিটিকে একটি ফরমালিন পরীক্ষা করার যন্ত্র কেনার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে আসেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ‘আমরা আগামী ১০ দিনের মধ্যে ফরমালিন পরীক্ষা করার যন্ত্রটি সংগ্রহ করব এবং পর্যায়ক্রমে বাজারটি ফরমালিনমুক্ত করব।’জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ বলেন, ‘ফরমালিনমুক্ত করার জন্য আমরা বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলেছি। বিভিন্ন সময় ফরমালিনের ব্যবহার বন্ধে বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। সবার পক্ষ থেকে চূড়ান্ত প্রতিশ্রুতি পাওয়ার পরই আমরা বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করেছি।’