ডিসির চোখ পড়ার পর ঘুচছে চার বছরের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক (ডিসি) গিয়েছিলেন পরিদর্শনে। দেখতে পেলেন, গাছতলায় চলছে ক্লাস। খোঁজ নিয়ে জানলেন, চার বছর ধরে চলছে এ অবস্থা। এরপর বিদ্যালয়টির জন্য একটি টিনশেড ঘর নির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টি পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৫২ জন পড়ালেখা করে। শিক্ষক আছেন ২১ জন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আছে আটটি। কিন্তু শিক্ষার্থী অনুপাতে প্রয়োজন আরও নয়টি থাকার দরকার। বিদ্যমান আটটি কক্ষের মধ্যে তিনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে খোলা আকাশের নিচে পাঠদান করা ছাড়া উপায় ছিল না।
জেলা প্রশাসক মাহবুব আলম গতকাল শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান, শিক্ষার্থীরা গাছতলায় বসে ক্লাস করছে। এরপর তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি জানতে পারেন, চার বছর ধরে এভাবে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এই কষ্টের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, বরাদ্দের টাকা দিয়ে টিনশেড ঘর নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের আর খোলা আকাশের নিচে বসে পড়ালেখা করতে হবে না। এতে তারাসহ সংশ্লিষ্ট সবাই আনন্দিত।
পরিদর্শনকালে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।