ডিসির নামেই বনের জমির গেজেট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি ভেঙে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হওয়া হাড়ারগজ সংরক্ষিত বনের প্রায় দুই হাজার একর জমির গেজেট সম্পন্ন হয়েছে। অথচ বন বিভাগ এখনো এ সম্পর্কে কিছুই জানে না।
বন বিভাগ ও জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন জরিপের বাইরে ছিল। ২০১০ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই সদস্যের একটি নকশা প্রস্তুতকারী দল ডিজিটাল পদ্ধতিতে বনটির জরিপকাজ শুরু করে। জরিপ শেষে গত বছরের ৪ আগস্ট জেলা প্রশাসকের নামে হাড়ারগজ সংরক্ষিত বন মৌজায় দুই হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়। আর বন বিভাগের নামে রেকর্ড হয় ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি।
অথচ ২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশনাবলিতে বলা আছে, ১৯২৭ সালের বন আইনের ২০ ধারা বলে সংরক্ষিত বন হিসেবে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সব জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে। এ ছাড়া বন বিভাগ ফেরত না দিলে রিজার্ভড, প্রোটেকটেড বা অ্যাকোয়ার্ড হিসেবে চিহ্নিত বনের কোনো জমি কারও নামে রেকর্ড করা যাবে না।
এ নিয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘জুড়ী সংরক্ষিত বনের দুই হাজার একর জমি/ জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জমি ফেরত পেতে বন বিভাগের পক্ষ থেকে সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়। সেটেলমেন্ট কর্মকর্তা এ ব্যাপারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশনা চান। এরপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান মে মাসে হাড়ারগজ বনের অংশ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত জুলাই মাসে আবদুল মান্নান এ ব্যাপারে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, হাড়ারগজ বনের যে জমি ডিসির নামে রেকর্ড হয়েছে, তা বনের মধ্যাংশ। ওই জায়গায় প্রাকৃতিক বন, বাঁশমহাল ও বিভিন্ন জাতের বন্য প্রাণীর আবাস রয়েছে। অথচ রেকর্ডের খতিয়ানে ৯ নম্বর কলামে জমিটিকে শুধু ‘টিলা’ উল্লেখ করে ভুল তথ্য দেওয়া হয়েছে। জমিটিকে ‘অ্যাকোয়ার্ড ফরেস্ট’ হিসেবে জেলা প্রশাসকের নামে রেকর্ড করতে হবে। খতিয়ানে ওই জমিকে বনভূমি, বন বিভাগের দখলে ও বন্দোবস্তযোগ্য নয় উল্লেখ করতে হবে।
সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা সুব্রত পাল চৌধুরী মুঠোফোনে বলেন, হাড়ারগজ বন মৌজার রেকর্ড হওয়া জমির গেজেট সম্পন্ন হয়েছে। জমিটি ফেরত পেতে বন বিভাগ ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করতে পারে।
তবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, হাড়ারগজ বন মৌজার নথি পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রেকর্ড করা জমি গেজেটের জন্য প্রকাশনা অধিদপ্তরে না পাঠাতে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ফোন করা হয়। কিন্তু, তা করা হয়নি। তবে গেজেট হয়ে গেলেও রেকর্ড সংশোধন করা সম্ভব বলে জানান তিনি।