ডিসির সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীনসহ পদস্থ তিন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে তাঁদের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেলে দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল এই নোটিশ দেন।

অন্য দুই কর্মকর্তা হলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (নেজারত, এনডিসি) তানভীর আল নাসীফ। তিনজনকেই সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সন্ধ্যায় যোগাযোগ করা হলে দুদক সিলেটের সহকারী পরিচালক বিকেল পাঁচটার দিকে ডিসিসহ তিন কর্মকর্তাকে নোটিশ দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে রাতে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, তিনি এ ধরনের নোটিশের বিষয়ে জানেন না। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আমি মিটিংয়ে ছিলাম। দুদকের কোনো নোটিশ হাতে আসেনি।’ আর এনডিসিকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

সম্প্রতি এক ব্যক্তির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিসি, এডিসি ও এনডিসিকে এই নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের সম্পদের হিসাব ১৮ ডিসেম্বরের মধ্যে দুদকের সিলেট কার্যালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে। তাঁরা শুধু সম্পদের হিসাবের পরিপূর্ণ বিবরণ জমা দেবেন।

দুদকের একটি সূত্র জানায়, শাহজালাল উপশহর এলাকার এক ব্যক্তি জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট চারটি বিষয়ে অভিযোগ করেছেন। জেলা প্রশাসকের বিরুদ্ধে বেনামে কয়েকটি ফ্ল্যাট কেনা, এলআর ফান্ডের টাকা লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে জলমহাল, বালুমহাল, পাথর কোয়ারি ও হাট ইজারা দেওয়ার অভিযোগ করেছেন ওই ব্যক্তি।