ডিসির সামনেই উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটেছে। চেয়ারম্যানের সমর্থকেরা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে উপজেলা শহরে মিছিল ও সমাবেশ করেছেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, উপজেলা পরিষদের সমেঞ্চলনকক্ষে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম মতবিনিময় সভা করেন। এতে ইয়াকুব আলী ভোলাগঞ্জ পাথরকোয়ারিতে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তৃতা করেন।সভা শেষে বিকেল সাড়ে চারটার দিকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও ইয়াকুব আলী ভোলাগঞ্জ পাথরকোয়ারি পরিদর্শনে যান। এ সময় স্থানীয় শামীম আহমদসহ কয়েকজন হামলা চালালে ইয়াকুব আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইয়াকুব আলী বলেন, ‘শামীম ভোলাগঞ্জ পাথরকোয়ারিতে বোমা মেশিন বসিয়ে লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদ জানিয়ে মতবিনিময় সভায় বক্তৃতা দিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছেন।’ শামীম আহমদ দাবি করেন, ‘ওই পাথরকোয়ারিতে ইয়াকুব আলীরও একাধিক বোমা মেশিন রয়েছে। কিন্তু সে তাঁর কথা না বলে অন্যদের বিরুদ্ধে কথা বলেন। এ কথা জিজ্ঞেস করার সময় তাঁর সঙ্গে আমার ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে আমি তাঁকে একটি থাবা দিয়েছি।’ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, মতবিনিময় সভায় অস্থায়ী চেয়ারম্যানের বক্তৃতা দেওয়ার ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটেনি। ভিন্ন একটি বিষয়ে তর্কাতর্কি শেষে হামলার ঘটনা ঘটেছে।জেলা প্রশাসক শহীদুল ইসলাম দাবি করেন, তিনি গাড়িতে ওঠার পর উপজেলার চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে।