ডিসিসহ তিন কর্মকর্তার কার্যালয়ের মালামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিগ্রহণ করা জমির অতিরিক্ত মূল্য পরিশোধ না করার মামলায় আদালতের নির্দেশে নাটোরে জেলা প্রশাসক, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা ও গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে। অনেক নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের বড় হরিশপুরে পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার ১৯৮৫ সালে জনৈক আবদুর রাজ্জাকের ১ দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণ করে। জমির মালিক অতিরিক্ত মূল্য আদায়ের জন্য মামলা করেন। আদালত ১৯৮৯ সালে অতিরিক্ত মূল্য বাবদ পাঁচ লাখ ৪১ হাজার টাকা পরিশোধের জন্য জেলা প্রশাসক, জেলা রাজস্ব কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে গেলেও আগের রায় বহাল থাকে। কিন্তু তাঁরা বাদীর টাকা পরিশোধে গড়িমসি করতে থাকেন। দীর্ঘদিন ঝুলে থাকার পর বাদী ২০০৬ সালের ১৭ আগস্ট আদালতে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ মার্চ যুগ্ম জেলা জজ শেখ মো. নাসিরুল হক রায় কার্যকর না হওয়া পর্যন্ত ওই তিন কর্মকর্তার কার্যালয়ের যাবতীয় মালামাল জব্দ করার নির্দেশ দেন।আদালতের নির্দেশমতে জজ আদালতের তিন কর্মচারী গতকাল দুপুরে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের বসার চেয়ার থেকে শুরু করে যাবতীয় মালামাল জব্দ ও জব্দ তালিকা তৈরি করে জেলা প্রশাসকের নাজিরের স্বাক্ষর নেন। পরে জেলা প্রশাসকের অনুরোধে মালামাল তাঁর নাজিরের জিম্মায় রাখা হয়। তবে শর্ত থাকে যে আদালত চাওয়া মাত্র মালামাল আদালতে পৌঁছে দিতে হবে। একইভাবে আদালতের কর্মচারীরা জেলা হুকুম দখল কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মালামাল জব্দ করে তাঁদের নিয়োজিত কর্মকর্তাদের জিম্মায় দেন। তাঁরাও আদালতের নির্দেশমতো মালামাল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।বাদীপক্ষের আইনজীবী আবু আহসান বলেন, বিবাদীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তি হওয়ায় তাঁরা আদালতের নির্দেশ বছরের পর বছর অবজ্ঞা করছেন। সরকারপক্ষের আইনজীবী (জিপি) আসাদুল ইসলাম বলেন, সরকারি টাকা নির্দিষ্ট তহবিলে আসতে বিলম্ব হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ বলেন, ‘আমরা টাকা না পেলে বাদীর টাকা পরিশোধ করব কীভাবে? এমন তো না যে টাকা আমাদের তহবিলে জমা রেখে আমরা পরিশোধ করছি না। আমি নতুন এসেছি। আদালত যেটা ভালো মনে করেছেন তাই করছেন। এ ব্যাপারে আমার কিছু বলার নাই।’