ডিসিসহ ১৪ জনের নামে দুর্নীতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়েছে। সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ (দায়রা) আদালতে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন জেলার ছাতক উপজেলার ব্যবসায়ী মো. মাহতাব হোসেন।
মামলায় জেলা প্রশাসক ছাড়াও সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার অলিউর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুন আখতার, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গৌরপদ সূত্রধর, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, ছাতকের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মাইনুদ্দিন হাসানসহ ১১ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় অবস্থিত চেলা নদী ও মরাচেলা নদী বালুমহালের ১৪২০ বাংলা সনের ইজারাদার হলেন ব্যবসায়ী মো. মাহতাব হোসেন। এই বালুমহালের ১৪১৯ বাংলা সনের ইজারাদার ছিলেন রবীন্দ্রনাথ, রাসেল আহমদ ও ফজলে করিম। মামলায় এই তিনজনকেও আসামি করা হয়েছে। তাঁরা বালুমহালের বৈধ মেয়াদকাল চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ভোগদখল করার পর অন্য আসামিদের যোগসাজশে ১০৬ দিন বাড়তি ভোগদখল করেন। মৌসুমের এই সময়ে বালু সংগ্রহকারী নৌকা থেকে প্রায় ৭০ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। বাড়তি সময়ের টোল আদায়ের টাকা ইজারাদার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।
আরজিতে উল্লেখ করা হয়, বালুমহালটি ১৪২০ বাংলা সনের জন্য ইজারা নিতে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. মাহতাব হোসেন মনোনীত হন। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ঠিক করে রাখা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারাদার নিয়োগের চেষ্টা করেন এবং মাহতাব হোসেনের কাছ থেকে ইজারামূল্য নিতে টালবাহান শুরু করেন। পরে বিভাগীয় কমিশনারের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে জেলা প্রশাসন মাহতাব হোসেনের কাছ থেকে ইজারামূল্য নেয়।
আরও অভিযোগ করা হয়, মো. মাহতাব হোসেনের কাছ থেকে ওই বালুমহালের ১৪২০ বাংলা সনের ইজারামূল্য, উৎসে কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ২৫ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসক মূল ইজারামূল্য ২১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৩ শতাংশ হারে ৬৪ হাজার ৫০০ টাকা তাঁর ব্যক্তিগত তহবিলে জমা রাখেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ৫০ টাকা মূল্যের অলিখিত স্ট্যাম্পে মো. মাহতাব হোসেনের সই রেখে এর সঙ্গে আরও ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প যুক্ত করে একটি অঙ্গীকারনামা তৈরি করা হয়। এতে বলা হয়, ১৪২০ বাংলা সনের প্রথম ১০৬ দিনের কোনো দাবি (মাহতাব) করতে পারবেন না। কিন্তু মাহতাব হোসেন এই অঙ্গীকারনামার বিষয়ে কিছুই জানেন না এবং তিনি এই ১০৬ দিনের প্রতিদিনের জন্য সাত হাজার ৬৮ টাকা করে ইজারামূল্য দিয়েছেন।
বাদীর পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বিচারক মো. ইসরাইল হোসেন মামলাটি তদন্তের জন্য সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়কে নির্দেশ দিয়েছেন।
তবে সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মজিদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ মামলার ব্যাপারে আদালত কোনো আদেশ দিয়েছেন বলে আমার জানা নেই।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘আদালতে একটা পিটিশন দেওয়া হয়েছে বলে আমি শুনেছি।’