ডিসিসি নির্বাচন নিয়ে শুধুই আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিএনপির নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আন্দোলন মোকাবিলার কৌশল হিসেবেই এই নির্বাচনের বিষয়টি বারবার সামনে আনা হচ্ছে। সরকার ও সরকারি দলের উচ্চপর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে।
সরকারের দুই মেয়াদের শেষ চার বছরে কয়েকবার ডিসিসি নির্বাচনের আওয়াজ তোলা হয়েছিল। এমনকি নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সরকারই পিছিয়ে যায়।
তা ছাড়া এ নির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগেরও কোনো প্রস্তুতি নেই। ডিসিসির মতো ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগ করার কথা থাকলেও এখনো তা হয়নি।
নির্বাচন নিয়ে সরকার ও আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচনের বিরুদ্ধে নই। যথাসময়ে নির্বাচন দেওয়া হবে।’
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনীটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু নির্বাচন কবে, কখন হবে, সে বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি। ফলে বিদ্যমান আইন অনুসারে, একজন সরকারি কর্মকর্তা আগের মতোই ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। সংশোধনীতে ছয় মাসের মেয়াদ বাড়িয়ে এক বছর করার প্রস্তাব ছিল।

শুধু আওয়াজ: আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে ২০১২ সালের ৯ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তখন ভোট গ্রহণের তারিখ ছিল ২৪ মে। তফসিল ঘোষণার সাত দিন পর উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়ে যায়।
একইভাবে নির্বাচনের কথা বলে তার আগের বছর অর্থাৎ ২০১১ সালের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে আইন পাস করা হয়। এর আগে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১০ সালে নির্বাচনের চেষ্টা করলেও সরকারের অসহযোগিতায় তা আর হয়নি। ২০১৩ সালেও একবার সরকারের পক্ষ থেকে নির্বাচনের আওয়াজ তোলা হয়।
যখনই আওয়াজ ওঠে, রাজধানীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার দেখা যায়। ২০১২ সালে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ও এর শরিক দলগুলোর জোট ১৪ দল, অপর শরিক জাতীয় পার্টির প্রার্থী এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলেন। বিরোধী দল বিএনপি সরাসরি না নামলেও ভেতরে ভেতরে তাদের প্রস্তুতি ছিল।
সরকারি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট আবারও আন্দোলনের হুমকি দেওয়ায় নতুন করে নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে।
আইন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন সরকারের ইচ্ছায় হয়ে থাকে। নির্বাচন কমিশন শুধু নির্বাচনটি করে দেয়। ঢাকার দুই সিটি নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনকে নির্বাচনের জন্য প্রস্তুত করে স্থানীয় সরকারকে গেজেট প্রকাশ করতে হবে। এরপর মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে অনুরোধপত্র পাঠালেই কমিশন নির্বাচন করতে পারবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ডিসিসিকে দুই ভাগ করার পর ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে উচ্চ আদালতে রিটও হয়। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা উঠে গেছে। ১০-১২ দিন আগে মন্ত্রণালয় সীমানা-সংক্রান্ত গেজেট তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের অনাপত্তি পেলে নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা থাকবে না।
তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে সম্ভব নয়। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানুয়ারিতে কেন করব? নির্বাচনের জন্য আমাকে সময় দিতে হবে। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণ ও তফসিল ঘোষণার জন্য সময়ের প্রয়োজন।’
সীমানা জটিলতা প্রসঙ্গে কাজী রকিব বলেন, দুই সিটির দক্ষিণে সীমানা বেড়েছে, উত্তরেও বাড়ানোর প্রস্তাব রয়েছে। এখন ওপরের চাপ থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করে দিয়ে নির্বাচন করার অনুরোধ জানাতে পারে। সিইসি বলেন, বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। তাই এখন নির্বাচন করতে হলে পুরোনো ভোটার তালিকা দিয়ে নির্বাচন করতে হবে। এ ছাড়া তফসিল ঘোষণার আগে বোর্ডের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
আওয়ামী লীগেরও প্রস্তুতি নেই: গত চার বছরে কয়েক দফা নির্বাচনের কথা বলা হলেও সরকারি দলেই যোগ্য প্রার্থীর সংকট আছে বলে মনে করেন দলীয় নেতারা। ডিসিসির মতো ঢাকা মহানগর আওয়ামী লীগকেও দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই অংশের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক বাছাই করে কমিটিও করে রেখেছেন তিনি। কিন্তু মহানগর আওয়ামী লীগের একটি বড় অংশের এতে আপত্তি রয়েছে। তারা সাংগঠনিক কারণ এবং বিরোধী দলের আন্দোলন মোকাবিলার সুবিধা-অসুবিধা তুলে ধরে মহানগরে একক কমিটির পক্ষে মত দিচ্ছে। ফলে ২০১২ সালের ২৯ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হলেও এখন পর্যন্ত কমিটি গঠন হয়নি।
আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে জানিয়েছেন, মহানগরের কমিটি গঠন না করে ঢাকার দুই সিটি নির্বাচন দেওয়া হবে না। শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন, কোনো সাংসদকে মেয়র পদে মনোনয়ন দেবেন না। আবার সভাপতি বা সাধারণ সম্পাদক পদ যিনি পাবেন, তাঁকে মেয়র পদ দেওয়া হবে না। ফলে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সাংগঠনিক কাঠামো ঠিক করতে হবে।