ডিসিসি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তায় পড়েছে নির্বাচন কমিশন। রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার দায়ের করা রিট আবেদনের কারণে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে এ ধরনের মামলা এড়াতে ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে সরকারকে কোনো পরামর্শও দেয়নি কমিশন।১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম মোল্লা তাঁর দায়ের করা রিট আবেদনে বলেন, ২০০৯ সালের ১৫ অক্টোবর সিটি করপোরেশন আইনের ২৭(২) ধারায় সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সিটি করপোরেশন এলাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমানে ওয়ার্ডের যে সীমানা আছে, তা ১৯৯৩ সালে করা হয়েছিল। অথচ এরপর ২০০১ সালে সর্বশেষ আদমশুমারি হয়েছে। তাই ওই সীমানায় নির্বাচন বৈধ হবে না।রিটের পরিপ্রেক্ষিতে সর্বশেষ আদমশুমারি অনুয়ায়ী সমসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে ডিসিসির ওয়ার্ডগুলোর নতুন সীমানা নির্ধারণ করে নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না জানতে চেয়ে আদালত রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধান নির্বাচন কমিশনার, ডিসিসির মেয়র ও ঢাকার জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটের কারণে ডিসিসি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতির শেষ পর্যায়ে এ ধরনের মামলা উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পেছানোর জন্যই এমন মামলা করা হয়েছে। তিনি বলেন, দু-তিন বছর আগে এই মামলা হলে কথা ছিল।সীমানা নির্ধারণের জন্য পরামর্শ দেয়নি কমিশন: সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিধিমালা ও আচরণবিধি তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সীমানা নির্ধারণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কোনো পরামর্শ দেয়নি কমিশন।এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ডিসিসির সীমানা নির্ধারণের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। কমিশন কেবল জাতীয় সংসদ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ করে থাকে। তিনি বলেন, মার্চে ডিসিসি নির্বাচন না হলে এ বছর আর এই নির্বাচন অনুষ্ঠান না-ও হতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, এ ধরনের মামলার কারণে ২০ থেকে ২৫টি ইউনিয়নে ১৮-২০ বছর ধরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। সীমানাসংক্রান্ত মামলাকে জটিল আখ্যা দিয়ে নির্বাচন কমিশনার বলেন, এ ধরনের মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে।রুলের জবাব কবে দেওয়া হবে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর কমিশন জবাব দেবে।আট দলকে চিঠি: দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে তা সংশোধনের জন্য বলা হয়েছে। এর আগে আওয়ামী লীগসহ আরও চারটি দলকে এ ধরনের চিঠি দেওয়া হয়। সাখাওয়াত হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত দলের গঠনতন্ত্র আইন অনুযায়ী না হবে, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট দলকে চিঠি পাঠানো হবে।সাখাওয়াত হোসেন জানান, ভোলা-৪ আসনের ব্যাপারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নেওয়া হচ্ছে।