ডিসিসি নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আ.লীগ
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ। তুরস্ক থেকে দেশে ফিরে ১৪ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত হতে পারে।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে গণভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় নেতারা মেয়র ও কাউন্সিলর পদে একক দলীয় প্রার্থী দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কাজী জাফরউল্লাহ, এইচ টি ইমাম, রহমত উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন তিনটি পৃথক সভা আয়োজন করে নির্বাচনের বিষয়ে আলোচনা ও দলীয় মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে আজ সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে ঢাকা মহানগরের সব সাংসদ ও কেন্দ্রীয় নেতার বৈঠক হবে। কাল বৃহস্পতিবার হবে ঢাকা মহানগর উত্তর এবং শুক্রবার হবে দক্ষিণের আওয়ামী লীগ নেতা ও সাংসদদের সভা।