ডিসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেবে ৯ বাম দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্যবদ্ধভাবে প্রার্থী সমর্থন দিয়ে আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে দেশের বাম রাজনৈতিক দলগুলো। এ জন্য দুই সিটি করপোরেশনে দুজন মেয়র পদপ্রার্থীও চূড়ান্ত করা হয়েছে।ঢাকা সিটি করপোরেশনের উত্তরে বাম দলগুলোর প্রার্থী হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহিল কাফি ওরফে কাফি রতন। আর দক্ষিণে বাম দলগুলোর প্রার্থী প্রকৌশলী ম. ইনামুল হক।এই দুই প্রার্থীকে জয়ী করতে বাম মোর্চার আটটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হচ্ছে: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট লীগ, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), বাসদ (মাহবুব), বাংলাদেশের সমাজতান্ত্রিক অন্দোলন ও সিপিবি (এমএল)। বাম মোর্চার এই আন্দোলনে যোগ দিয়েছে সিপিবিও।সিবিপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই আমরা একটি বিকল্প রাজনৈতিক বলয় তৈরির জন্য কাজ করছিলাম। বিভিন্ন বিষয়ে আমরা একসঙ্গে আন্দোলনও করেছি। নানা সমস্যার কারণে এটি বাধাগ্রস্ত হচ্ছে। তবে ঢাকা শহরের স্বার্থের কথা চিন্তা করে আমরা সম্মিলিতভাবে দুই প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’গণতান্ত্রিক এই বাম মোর্চার সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ বলেন, ‘আমরা মনে করি, এর মধ্য দিয়ে বিকল্প রাজনৈতিক বলয়ের সূচনা হলো এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ম. ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউট, হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করে ২০০৮ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঢাকাকে জনগণের ঢাকা করতে চাই। আমি মনে করি, ঢাকাকে বাঁচাতে হলে সমন্বিত একটি পরিকল্পনা নিতে হবে।’ঢাকা উত্তরের প্রার্থী কাফি রতন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি বলেন, ‘সবার জন্য একটি বসবাসযোগ্য একটি ঢাকা গড়ার স্বপ্নের জন্য আমি নির্বাচন করতে চাই।’ইনামুল হকের ঘোষণা: ম ইনামুল হক গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে অয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি ঢাকার উন্নয়নে ১৭ দফা ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম, বজলুর রশিদ, আবদুল্লাহিল কাফি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যকরী সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।