ডিসিসি নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য দলের মেয়র পদে যথাক্রমে বাহাউদ্দিন আহমেদ ও সাইফ উদ্দিন আহমদের নাম ঘোষণা করেছেন। গতকাল রোববার দলের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি জাতীয় পার্টির যৌথসভায় তিনি এ ঘোষণা দেন। বাহাউদ্দিন উত্তর সিটি জাপার মহাসচিব এবং সাইফউদ্দিন জাপার প্রেসিডিয়াম সদস্য।
সভায় এরশাদ বলেন, ‘১৯৯১ সালে দেশে গণতন্ত্রের কবর হয়ে গেছে। দুই দল মিলে সংসদীয় গণতন্ত্র এনেছে। এখন একদল ক্ষমতায় গেলে আরেক দল সংসদে যায় না। তালগাছ আমার—এমন গণতন্ত্রের দরকার নেই। এটা রাজনীতির মন্ত্র হতে পারে না। সংসদীয় গণতন্ত্রের নামে দুই দল জনগণকে ভাঁওতা দিচ্ছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (ডিসিসি) জয়ের মাধ্যমে এর জবাব দিতে হবে। আমরা সংসদীয় গণতন্ত্র চাই না। রাষ্ট্রপতি শাসিত শাসন কায়েম করব। সঙ্গে থাকবে প্রাদেশিক সরকার।’