ডিসিসি নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি দলীয় প্রার্থী হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদের নাম ঘোষণা করেছে।দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল সোমবার জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে জাতীয় সংসদসহ সব নির্বাচন এককভাবে করার প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী ফিরোজ রশীদ। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘আমরা মহাজোটে আছি, মহাজোটে থাকব। তবে আমাদের অবজ্ঞা ও অবহেলা করবেন না। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এরশাদকে লাগবে। মহাজোটে থাকার ফলে জাতীয় পার্টি কী পেল, এই প্রশ্নও আজ আসে। এর উত্তর হচ্ছে, মহাজোটে গিয়ে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টিতে সন্ত্রাসী, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ নেই—এটি কম পাওয়া নয়।’ তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। তখন অন্যরা জাতীয় পার্টির পাশে আসবে, জাতীয় পার্টিকে কারও সঙ্গে যেতে হবে না।জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলবাজির এমন দুরবস্থা জাতীয় পার্টির সময় ছিল না। এরশাদের পর যেভাবে দেশে দুর্নীতি হয়েছে, এমন দুর্নীতির কাছে এরশাদ কিছুই না, একেবারে শিশু।সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, সাংসদ সালমা ইসলাম, নূরে হাসনা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।