ডিসিসি নির্বাচনের কার্যক্রম বন্ধ রাখতে আইনি নোটিশ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম বন্ধ রাখতে প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনের প্রতি লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করে তা জানাতে বলা হয়েছে।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ গতকাল বৃহস্পতিবার এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি পাঠানো এ নোটিশে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর তিনটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন না করতে বলা হয়েছে।নোটিশে করপোরেশনকে ওয়ার্ডে বিভক্তিকরণ, সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসংক্রান্ত স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর তিনটি ধারার কথা বলা হয়েছে।