ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে তফসিল ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, অপর নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, অর্থসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ২৮ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলমগীর হোসেন উত্তর সিটি করপোরেশন ও আইনজীবী মোস্তফা আহমেদ দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলাদা রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হয় ২০১১ সালের ১ ডিসেম্বর। স্থানীয় সরকার আইন [সিটি করপোরেশন আইনের ৩৪(১) (ঘ)] অনুযায়ী বিভক্তির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিভক্ত সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ৬০০ দিন পেরিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠানের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।