ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার ওপর আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে কেন ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণের পরই কেবল তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আইনসচিব, স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, সিটি করপোরেশন ও ঢাকার জেলা প্রশাসকসহ ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর পল্লবীর ভোটার সাজ্জাদ হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ আদেশের পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতের আদেশের কথা শুনেছি। বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হব।’আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এম আমীর-উল ইসলাম। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন শাহ্দীন মালিক এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী।এম আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, ২৩ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে। নির্বাচন কমিশনের চলতি সপ্তাহে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। কিন্তু সীমানা পুনর্নির্ধারণের পর তফসিল ঘোষণার নির্দেশনা চেয়ে গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে ওই রিট দায়ের করা হয়।