ডিসিসি নির্বাচনের নির্দেশনা চেয়ে রিট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। আজ সোমবার আদেশ দেওয়া হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলমগীর হোসেন উত্তর সিটি করপোরেশন এবং আইনজীবী মোস্তফা আহমেদ দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গতকাল রোববার পৃথক রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। সঙ্গে ছিলেন আইনজীবী গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। আইনজীবী গোলাম নবী প্রথম আলোকে বলেন, দুটি রিটের ওপর শুনানি হয়েছে। আদালত সোমবার আদেশের দিন ধার্য করেছেন। রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হয় ২০১১ সালের ১ ডিসেম্বর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইনের ৩৪(১) (ঘ)) অনুযায়ী বিভক্তির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিভক্ত সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ৬০০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের আইন অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আবেদনে আরও বলা হয়, সংবিধানের ৫৯ অনুচ্ছেদে অনুসারে স্থানীয় সরকারগুলো জনপ্রতিনিধির মাধ্যমে পরিচালিত হবে। স্থানীয় সরকারের আইনের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো নির্বাচন দেয়নি। এটা সংবিধান ও স্থানীয় সরকার আইনের পরিপন্থী। রিটে নির্বাচন অনুষ্ঠান ও তফসিল ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচন অনুষ্ঠানে অগ্রগতি জানাতে অন্তর্বর্তীকালীন আদেশের আরজিও রয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অর্থ সচিবসহ আটজন বিবাদী রয়েছে।২০১২ সালের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন নিয়ে মানবাধিকার সংগঠনের পক্ষে একটি রিট করা হয়। শুনানি নিয়ে গত বছরের ১৬ এপ্রিল হাইকোর্ট রুল জারির পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৩ মে রিট আবেদনটি খারিজ (রুল ডিসচার্জ) রায় দেন আদালত।