ডিসিসি বিভক্তির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি। কর্মসূচি থেকে ২ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি জমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবদুস সালাম। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ জহিরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনকে দুই ভাগ করার অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে অনির্বাচিত প্রশাসক নিয়োগ সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। শুক্রবারের মধ্যে সরকার সিদ্ধান্ত বাতিল না করলে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। গতকাল সূত্রাপূর, গেন্ডারিয়া, সবুজবাগ, খিলগাঁও, রামপুরা, বাড্ডা, গুলশান, উত্তরা, নিউমার্কেট, পল্লবী, মিরপুর, কাফরুল, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, লালবাগ, চকবাজার, কোতোয়ালি, শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী, ডেমরা থানা বিএনপির সংশ্লিষ্ট ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।