বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দ্বিখণ্ডিত করে আদালত অবমাননা করেছে। বিচারাধীন মামলার রায় পর্যন্ত অপেক্ষা না করে সরকারের একতরফা এই সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন।গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিসিসির বিভক্তি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধনে মওদুদ আহমদ এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদে বলা আছে, ঢাকা বাংলাদেশের একক রাজধানী। কিন্তু ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে পুরো ঢাকাকেই ভাগ করা হয়েছে। এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। রায় হওয়ার আগেই ডিসিসি ভাগ করায় প্রমাণিত হয়, সরকার আদালত মানে না। তারা আদালত অবমাননা করেছে। এ জন্য সরকারের বিচার হওয়া উচিত।‘খোকার ভয়ে ডিসিসি ভাগ’: বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাদেক হোসেন খোকার সঙ্গে নির্বাচন করে আওয়ামী লীগের কোনো প্রার্থী জয়লাভ করতে পারবে না; সেই ভয়ে সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ডিসিসিকে এক করা।গতকাল বিকেলে বাড্ডা গুদারাঘাট ছয়তলা স্টাফ কোয়ার্টার মাঠে একই বিষয়ে আরেক প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন।