ডিসিসি মার্কেটে আগুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের
রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে লাগা আগুন এখনো নেভেনি। মার্কেটের যে অংশে গতকাল সোমবার রাতে আগুন লাগে, বেলা আড়াইটার সময়ও সেই অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের উচ্ছেদের জন্য চক্রান্ত করে আগুন দেওয়া হয়েছে। তাঁরা এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন। তাঁরা অভিযোগ করেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস তেমনভাবে কাজ করছে না। দোতলা একটি বিল্ডিংয়ের ওপর এই মার্কেট, চারপাশে খোলা অথচ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না বলে ক্ষোভ জানান তাঁরা।
মার্কেট মালিক সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদ দাবি করেন, ২০০৩ সালে মেট্রো গ্রুপের সঙ্গে সিটি করপোরেশনের একটি চুক্তি হয়। চুক্তি অনুয়ায়ী এই মার্কেটটি ভেঙে এখানে ১৮তলা-বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এখানকার দোকানমালিকদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে দোকানমালিকদের সঙ্গে সিটি করপোরেশনের সঙ্গে একরকম বৈরী সম্পর্ক তৈরি হয়। বহুবার তাঁদের উচ্ছেদের জন্য হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এ নিয়ে ২০১০ সালে একটি মামলাও হয়েছে। বর্তমান মেয়র আনিসুল হক দায়িত্ব নেওয়ার পর দোকানমালিকদের কোনো হুমকি না দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন।
শের মোহাম্মদের দাবি, এটি নিশ্চিত নাশকতা, তাই আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে ভবনের একাংশ ধসে পড়েছে। সাধারণত আগুন লাগলে এভাবে বিল্ডিং ধসে পড়ে না।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা নিয়ে অভিযোগ তোলেন মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা বহু দোকানমালিক। তাঁদের মধ্যে আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘ষড়যন্ত্র মূলকভাবে আমাদের উচ্ছেদের জন্যই আগুন দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, রাতে মার্কেটের পূর্ব অংশে আগুন লাগে এবং কিছু সময় পর ওই অংশটি ধসে পড়ে। সকাল সাতটা পর্যন্ত মার্কেটের পশ্চিম অংশে কোনো আগুন ছিল না। ফায়ার সার্ভিসের উপস্থিতিতেই আগুন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা মার্কেটে ছড়িয়ে পড়েছে।
কাপড় ব্যবসায়ী মনসুর আলী জানান, ফায়ার সার্ভিসের ২০-২১টি ইউনিট কাজ করছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে একসঙ্গে দুটি বা তিনটির বেশি কাজ করছে না। একটি ইউনিট ১০ মিনিটের জন্য পানি দিয়ে চলে যাচ্ছে। আবার ১০ মিনিট পর পানি নিয়ে আসছে। এই সময়ের মধ্যে আগুন আবার ছড়িয়ে পড়ছে। নিয়ন্ত্রণে আসছে না।
এদিকে দুপুরে আবারও ঘটনাস্থলে আসেন মেয়র আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ভবনে কোনা মানুষ চাপা পড়েনি, এটা আল্লাহর রহমত।
আগুন পরিকল্পিত—ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে তিনি বলেন, ‘মালিকেরা জানেন, আমি জানি না।’
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে উল্লেখ করে আনিসুল হক বলেন, দু-একটি জায়গায় এখনো আগুনের ফুলকি দেখা গেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বলা যাবে না আগুন নিয়ন্ত্রণে।
ব্যবসায়ীদের পুনর্বাসন প্রসঙ্গে মেয়র বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসুক, তাঁদের সঙ্গে বসব।’