ডিসিসিতে নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিসিসি) ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ড (পল্লবী এলাকা) এবং দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডে (লালবাগ এলাকা) ভোটার নিবন্ধনের কাজ শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য নতুন ভোটারদের নিজ নিজ ওয়ার্ডের সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে যেতে হবে।

গতকাল বৃহস্পতিবার উত্তর সিটির ১, ২, ৪, ১১, ১৭, ১৮, ১৯, ২০, ২৪ ও ২৮ এবং দক্ষিণ সিটির ১, ৭, ১৪, ১৬, ২২, ৩০, ৩২, ৩৮ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়েছে। কাল শনিবার থেকে উত্তর সিটির ২৭ ও ৩৪ নম্বর এবং দক্ষিণ সিটির ৬, ৩৯, ৫০ ও ৫৫ নম্বর ওয়ার্ডে নিবন্ধনের কাজ শুরু হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জানানো হয়েছে, এবার ঢাকা উত্তর সিটির ৩৬টি ও দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ড এবং ১৭টি সার্কেল ইউনিয়নে মোট দুই লাখ ৪৬ হাজার ৩৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটিতে প্রায় এক লাখ ৯৬ হাজার ৮৬৮ জন নতুন ভোটারের তথ্য। ১৭ হাজার ৭৭১ জন ভোটারযোগ্য ব্যক্তিকে বাড়িতে পাওয়া যায়নি। তথ্যসংগ্রহকারীরা তাঁদের সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে গিয়ে সরাসরি ভোটার হতে বলেছেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ বলেন, এবার ঢাকার দুই সিটির সংগৃহীত তথ্যে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান খুবই সামান্য। এর মধ্যে উত্তর সিটির ১৪টি এবং দক্ষিণ সিটির ৩২টি ওয়ার্ডে পুরুষের তুলনায় নারী ভোটারের তথ্য বেশি সংগৃহীত হয়েছে।

ঢাকা উত্তর সিটির ভোটারসংখ্যা ২২ লাখ ৮৮ হাজার ৩৮৭ এবং দক্ষিণ সিটির ১৮ লাখ সাত হাজার ২৮৫ জন। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১২ সালে।

ভোটারদের অনেকেই অভিযোগ করেছেন, অনেক এলাকায় তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি। আবার তথ্যসংগ্রহকারীরা অভিযোগ করেছেন, ভোটারদের অনেককে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। অনেক বাড়িতে ফটকের দারোয়ান তথ্যসংগ্রহকারীদের বাড়িতে ঢুকতে দেননি।