ডিসিসির আদালতে হাজির হয়ে জামিন নিলেন ড. ইউনূস
খাদ্যে ভেজালসংক্রান্ত একটি মামলায় জামিন পেলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) খাদ্য আদালতের যুগ্ম জেলা জজ শেখ নাজমুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১০ হাজার টাকাা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।ঢাকা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ-ডানোন ফুডস লিমিটেডের তৈরি ‘শক্তি দই’-এর নমুনা গত বছরের ২৪ নভেম্বর সংগ্রহ করে ডিসিসির স্বাস্থ্য বিভাগ। পরে তা সিটি করপোরেশনের জনস্বাস্থ্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার পর দইয়ের সঠিক গুণাগুণ না পাওয়ায় প্রস্তুতকারক ও পরিবেশকের নামে গত ২৭ ডিসেম্বর মামলা করেন ডিসিসির স্বাস্থ্য পরিদর্শক কামরুল হাসান। ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ (সংশোধন ২০০৫) অনুযায়ী, ৬-এর ১ ও ৭ ধারায় এই মামলা করা হয়।মামলাটি ডিসিসির খাদ্য বিভাগে পাঠানো হয়। ১০ জানুয়ারি আদালত শুনানি শেষে প্রস্তুতকারক, পরিবেশক ও বিক্রেতাকে সরাসরি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে সারা হোসেনসহ ১০ জন আইনজীবী নিয়ে প্রস্তুতকারক হিসেবে মুহাম্মদ ইউনূস সিটি করপোরেশনে হাজির হন। দুপুর ১২টায় নগর ভবনের দশম তলায় আদালতের কার্যক্রম শুরু হয়। দীর্ঘক্ষণ শুনানি চলে। কাঠগড়ায় স্থানসংকুলান না হওয়ায় ড. ইউনূস পাশে দাঁড়িয়ে থাকেন।আদালত থেকে বেরিয়ে নগর ভবনের বারান্দায় ইউনূস সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘আদালতের নির্দেশে আমি হাজির হয়েছি। আমি আদালতের কাছে জামিনের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।’