ডিসিসির কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গতকাল রোববার পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।ডিসিসিকে দুই ভাগে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সকালে ডিসিসির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি ছিল। এই মানববন্ধনে ইট নিক্ষেপকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টায় ডিসিসির কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে মানববন্ধন শুরু করেন। ডিসিসির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মিছিল নিয়ে এসে এতে অংশ নেন।একপর্যায়ে মানববন্ধন লক্ষ্য করে ইট ছোড়াকে কেন্দ্র করে কয়েকজন ইট নিক্ষেপকারীকে ধরতে ওসমানী উদ্যানে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। পুলিশের ধাওয়ায় মানববন্ধনকারীরা নগর ভবনে ঢুকে পড়েন এবং প্রধান ফটক লাগিয়ে দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ করেন। পুলিশও বাইরে থেকে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসব ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হয়। আহত ব্যক্তিদের সরকারি কর্মচারী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ঢাকা সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করতে সরকার-সমর্থক বহিরাগতরা ইট মেরেছে। পুলিশ উল্টো তাঁদের ওপর হামলা করেছে। পুলিশ বাইরে থেকে ভেতরে তাঁদের ওপর ইট মেরেছে। হামলায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। গতকাল তাঁরা সকাল নয়টা থেকে তিন ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, একটি মিছিলের পেছনে পুলিশের হামলায় একজন কর্মচারী আহত হওয়াকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় বলেন, ডিসিসির কর্মকর্তা-কর্মচারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন। সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারলে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।এদিকে, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা দুইটার দিকে নগর ভবন অডিটোরিয়ামে জরুরি সভায় ফেডারেশনের নেতারা ডিসিসিকে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পেনশন প্রথা চালুসহ ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে দেশের আটটি সিটি করপোরেশন ও ৩০৬টি পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতাসহ সব কার্যক্রম বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।সংঘর্ষের পর নগর ভবনে বিভিন্ন বিভাগে কাজ হয় তুলনামূলক কম। দুপুরের পর সেখানে বাইরের লোকজন তেমন দেখা যায়নি।