ডিসিসির সাবেক প্রকৌশলীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম ও তাঁর স্ত্রী রেশমা সালামের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন।আবদুস সালাম ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। আবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের তথ্যমতে, আবদুস সালাম ও তাঁর স্ত্রী রেশমার নামে জনতা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এবি ব্যাংক ও ঢাকা ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত পাঁচ কোটি ৪৮ লাখ টাকা জমা ছিল। এর মধ্যে সালামের অ্যাকাউন্টে চার কোটি ৪১ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে এক কোটি সাত লাখ টাকা জমা ছিল। এই অর্থ অবৈধভাবে অর্জিত কি না, তার তদন্ত চলছে। এ জন্য ওই হিসাব জব্দ রাখা প্রয়োজন। আদালত দুই মাসের জন্য তা জব্দের নির্দেশ দেন।গত বছরের ২৪ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ৩০ হাজার মার্কিন ডলার নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় গ্রেপ্তার হন আবদুস সালাম। পরে তাঁকে ডিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।