ডিসিসির সাবেক মেয়র খোকা অনিয়ম করেছেন : মন্ত্রণালয়
ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের দোকান ও খালি জায়গা বরাদ্দ, ভবন নির্মাণ এবং দরপত্রে অনিয়ম করেছেন বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আজ রোববার সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ২০০২ সাল থেকে প্রায় ৯ বছর ডিসিসির মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে বলেছে, এসব অনিয়মের কারণে ঢাকা সিটি করপোরেশনের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য রহিমা আকতার সাংবাদিকদের বলেন, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির মামলা চলছে। এ অবস্থায় কমিটি মন্ত্রণালয়কে তাদের তদন্ত প্রতিবেদন নিয়ে নিজস্ব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে বলেছে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে ২৬টি দোকান ও খালি জায়গা বরাদ্দের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। এসব বরাদ্দের ক্ষেত্রে মেয়র সুপারিশ করেছিলেন। রমনা শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য মাসুদ কর্পোরেশনকে নিয়মবহির্ভূতভাবে কাজ দেওয়া হয়। দিলকুশায় বহুতল কার পার্কিং নির্মাণের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নেওয়া এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল মানা হয়নি।
সংসদীয় কমিটি গত বছরের জুন মাসে ঢাকা সিটি করপোরেশনে সাদেক হোসেন খোকার সময়কালের কর্মকাণ্ড তদন্তের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল। সুপারিশের পর মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার অংশ নেন।