স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা ঘেঁষে ইউনিয়ন পরিষদগুলোতে অপরিকল্পিতভাবে আবাসন গড়ে উঠছে। এর ওপর ঢাকা সিটি করপোরেশনের কোনো নিয়ন্ত্রণ নেই।স্থানীয় সরকারমন্ত্রী গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সম্পূরক প্রশ্নে রহমতুল্লাহ জানতে চান, ঢাকা সিটি করপোরেশনের বাইরের উত্তরখান, দক্ষিণখান, ডুমনি, বেরাইদ, নাসিরাবাদ, মান্ডা, ভাটারাসহ অন্যান্য ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনা হবে কি না। তিনি এসব ইউনিয়নের জলাবদ্ধতা দূর করার জন্য এলাকাগুলোকে ওয়াসার আওতাভুক্ত করার অনুরোধ জানান।জবাবে সৈয়দ আশরাফ আরও বলেন, ইউনিয়নগুলো সিটি করপোরেশনের বাইরে হওয়ায় আবাসন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথ অনুমোদনের প্রয়োজন হয় না। ইউনিয়ন পরিষদের কিছু করার থাকলেও তারা করে না। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের কিছু করণীয় আছে।সরকারি দলের সাইফুজ্জামান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ২৭১টি উপজেলার ৫০ লাখ নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ১৪ লাখ, অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (৫০ পিপিবির ওপরে) আর্সেনিক পাওয়া গেছে।শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর আশঙ্কাজনক হারে নেমে যাওয়ায় ঢাকা ওয়াসা ক্রমেই ভূ-উপরিস্থ পানি সংগ্রহের দিকে অগ্রসর হচ্ছে।সংসদে অনুপস্থিত বিরোধী দলের সাংসদ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, শুকনো মৌসুমে বুড়িগঙ্গা নদীর দূষণ বেড়ে যায় এবং নদীর পানির প্রবাহ কমে যায়। ফলে পানি পরিশোধনের অংশ হিসেবে উচ্চমাত্রায় রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন হয়, তাতে পানির স্বাদে সামান্য তারতম্য হয় এবং পানি পান করার সময় নাকে সামান্য গন্ধ পাওয়া যায়।