ডিসিসির ৫ বছরের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিগত পাঁচ অর্থবছরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত পাঁচ অর্থবছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি খাতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে ওই সময়ে টেন্ডারের মাধ্যমে মশার ওষুধ কেনা ও ব্যবহার, গাড়ির টায়ার টিউব যন্ত্রাংশ ক্রয় ও ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহার এবং জ্বালানি তেল ক্রয় ও ব্যবহারে দুর্নীতির অভিযোগ।
এ লক্ষ্যে কমিশন থেকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিমের দলনেতা উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানকে অনুসন্ধানের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
অভিযোগ অনুসন্ধানে শিগগিরই দুই সিটি করপোরেশনের ওই পাঁচ বছরের নথিপত্র তলব করা হবে। এর পর নথিপত্র পর্যালোচনা করে দুর্নীতির সঙ্গে সম্পৃক্তদের জিজ্ঞাসাবাদ করবে কমিশন।