আগামী মাস (ডিসেম্বর) থেকেই আবার মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ। মালয়েশিয়াও তেমন আশ্বাস দিয়ে বলেছে, নির্মাণ (কনস্ট্রাকশন), বনায়ন (প্ল্যান্টেশন) ও উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতে তারা এখন কর্মী নেবে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে গতকাল মঙ্গলবার এমন আশ্বাস এসেছে। কর্মী নিতে এ বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে (জি টু জি প্লাস) যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার ভিত্তিতেই এই কর্মী যাবে।
ঢাকার একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনাক জায়েম তাঁর দেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছায়। বেলা একটায় বৈঠক শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিবাচক আলোচনা হয়েছে। মালয়েশিয়া বলেছে, তারা
আজ মঙ্গলবার (গতকাল) থেকেই আনুষ্ঠানিকভাবে কর্মী নেওয়া চালু করেছে। এখন অনলাইন নিবন্ধন প্রক্রিয়াসহ অন্যান্য কিছু করতে যে কয় দিন সময় লাগে।
মন্ত্রণালয় সূত্র বলেছে, বৈঠকের শুরুতে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে খুব আগ্রহী। এই মুহূর্তে নির্মাণশ্রমিক, বনায়ন ও উৎপাদন খাতে কর্মী নেবে। সরকার নির্ধারিত যে খরচ, তাতেই কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার টাকা।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি গুটি কয়েক ব্যবসায়ী পাচ্ছেন বলে অভিযোগ জনশক্তি রপ্তানি খাতের অধিকাংশ ব্যবসায়ীর। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমি বলেছি জনশক্তি রপ্তানিতে দালাল চক্র নির্মূল করার জন্য বাংলাদেশ বদ্ধপরিকর। মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। কাজেই গুটি কয়েক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ না দিয়ে সরকার যে ৭৪৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছে, সেখান থেকে অভিজ্ঞ ও স্বনামধন্য প্রতিষ্ঠান পছন্দমতো বেছে নিতে পারে মালয়েশিয়া। এতে করে অভিবাসন খরচ কমবে এবং সরকার নির্ধারিত খরচে কর্মী পাঠানো যাবে।’
বৈঠক শেষে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর দুই দেশের মন্ত্রীর মধ্যে স্মারক বিনিময় হয়।
মালয়েশিয়ার প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নুর আশিকিন বিনতে মোহাম্মদ তায়েব। বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার।
বৈঠকে উপস্থিত সূত্র বলেছে, কবে নাগাদ কর্মী নেওয়া শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে মালয়েশিয়া বলেছে, দুই দেশ
মিলে এখন অনলাইন পদ্ধতিসহ বাকি সবকিছু চূড়ান্ত করবে। এই কাজে ১০-১২ দিন লাগবে। কাজেই ডিসেম্বরের শুরু থেকেই কর্মী যাবে বলে আশা করছে বাংলাদেশ।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জি টু জি প্লাস (সরকারি ও বেসরকারিভাবে) পদ্ধতিতে কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশ সমঝোতা স্মারকে সই করার ১২ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া জানায়, এই মুহূর্তে তারা কোনো কর্মী নেবে না। এতে কর্মী পাঠানোর প্রক্রিয়া ঝুলে গিয়েছিল। তবে গতকালের বৈঠকের মধ্য দিয়ে সব জটিলতা কেটে গেল বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি বেনজীর আহমদ। তিনি রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি মালয়েশিয়া নিয়ে সব জটিলতা কেটে গেল। শিগগিরই বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়া যেতে পারবে বলে আমরা আশা করছি।’