ডিসেম্বর মাসকে ‘বিজয়ের মাস’ হিসেবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ১ ডিসেম্বর পতাকা মিছিল করার মধ্য দিয়ে মাসব্যাপী বিজয়ের মাস পালনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।গতকাল মঙ্গলবার সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যৌথ বিবৃতিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—১ ডিসেম্বর বিকেল চারটায় মুক্তাঙ্গনে সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ প্রাঙ্গণে পতাকা মিছিল ও শপথ গ্রহণ, ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শহীদ মিনারে সমাবেশ ও মশাল সামনে রেখে শপথ অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করাসহ বিভিন্ন দাবিতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর কর্মসূচি রয়েছে।