ডিসেম্বরে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণকাজ শুরু
চলতি বছরের ডিসেম্বরে ভারতের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। দুই দেশের বাণিজ্যের প্রসার ঘটাতে উভয় দেশের সরকারই এই কাজকে অগ্রাধিকার দিচ্ছে। আজ বুধবার সকালে আগরতলায় দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ প্রজেক্ট স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা জানানো হয়।
আগরতলার সরকারি অতিথিশালায় চতুর্থ দফার এই যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে গুপ্তা।
বৈঠক শেষে শশী কুমার সিংহ সাংবাদিকদের জানান, জমি অধিগ্রহণের কাজ চলছে। আগামী ডিসেম্বরে যাতে রেলপথ নির্মাণের কাজ শুরু করা যায়, এ নিয়ে আলোচনা হয়েছে।
এই রেলওয়ে নির্মাণে ইতিমধ্যেই জমি অধিগ্রহণে অর্থ বরাদ্দ হয়েছে দাবি করে এ কে গুপ্তা জানান, কাজের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৭২ কোটি রুপি। পুরোটাই বহন করছে ভারত সরকার।
আখাউড়া-আগরতলা রেলপথে প্রায় ১৫ কিলোমিটার রেললাইনের মধ্যে আখাউড়া অংশে ১০ কিলোমিটার ও আগরতলা অংশে পাঁচ কিলোমিটার রেললাইন স্থাপন করা হচ্ছে। আগরতলা রেলস্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের গঙ্গাসাগর রেলস্টেশনে যুক্ত হবে দুই দেশের রেলপথ। আসবে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত।
আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মহম্মদ শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আজ বিকেলে ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশের প্রতিনিধিদলটি আখাউড়া হয়ে ঢাকায় ফিরে যাবে।