ডিসেম্বরে ডিসিসি নির্বাচন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ আভাস দিয়েছেন।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার জন্য গতকাল সৈয়দ আশরাফ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন কমিশনে (ইসি) যান। সেখানে তাঁরা দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কমিশনের পক্ষে সিইসি শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিশন পৌরসভার জনপ্রতিনিধিদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সঙ্গে বৈঠক করেন।বিকেলে কমিশন ত্যাগের আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বর থেকে মার্চের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করার পরিকল্পনা কমিশনের রয়েছে। তবে বিশ্ব ইজতেমা ও হজের কারণে নির্বাচনের তফসিল নিয়ে আমাদের আবারও ভাবতে হবে। আমরা ম্যাবের কাছ থেকে জানতে পেরেছি, ২৫ ডিসেম্বর হাজিদের নিয়ে সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরব থেকে ফিরবে।’ তাঁরা জানিয়েছেন, ‘এ সময় পৌর নির্বাচন করা হলে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। আমরা হিসাব করে দেখেছি, বিষয়টি ডিসিসি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ডিসেম্বরে নির্বাচন হলে নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। তখন হজযাত্রীদের অনেকেই দেশের বাইরে থাকবেন। এঁদের মধ্যে যাঁরা সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তাঁদের অনেকেই মনোনয়নপত্র দাখিলের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ বিষয়ে আমরা বিমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’সিইসি আরও বলেন, কমিশন যাই করুক না কেন, তা সরকারের সঙ্গে সমন্বয় করে করবে। তাদের সুবিধা-অসুবিধাও কমিশনকে দেখতে হবে। স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি জানান, কমিশনের জনবলের সংকট রয়েছে। তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ডিসিসি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।এর আগে কমিশনের সঙ্গে বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনের জন্য জনবল নিয়োগ এবং আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। সামনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা, হজসহ অন্যান্য বিষয় আছে। এসব বিষয় মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি জানান, তিনি দলীয় নয়, মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।