গত মাসে পরিবেশ অপরাধীদের কাছ থেকে তিন কোটি সাড়ে চার লাখ টাকা জরিমানা হিসেবে আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। ৫১টি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে নদী, খাল ও জলাশয় ভরাট এবং দূষণের অপরাধের শাস্তি হিসেবে এ জরিমানা আদায় করা হয়।গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরে ‘মিট দ্য পিপল’ সভায় এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় পেশাজীবী, সুশীল সমাজ, পরিবেশ আন্দোলনের নেতা, আইনজীবী, গণমাধ্যমের কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের প্রশংসা করেন।পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত হয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান সাম্প্রতিক সময়ে ট্রানজিটের নামে তিতাস নদী হত্যা ও বসুন্ধরা গ্রুপের বোয়ালিয়া খাল ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রশংসা করেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে আগামী দিনেও দূষণ ও দখলবিরোধী অভিযান চলবে বলে জানানো হয়।সভাশেষে মুনীর চৌধুরী ডিসেম্বরে পরিবেশ অপরাধীদের কাছ থেকে আদায়কৃত টাকার মধ্যে দুই কোটি ২৩ লাখ টাকার চেক মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।