ডিসেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
>

*বুধবার ভারতকে সফর পেছানোর অনুরোধ *ফেব্রুয়ারিতে নেওয়ার প্রস্তাব বাংলাদেশের * সূচিতে সমস্যা ও প্রস্তুতির জন্য বাড়তি সময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন না। ১৮ ডিসেম্বর তিন দিনের দ্বিপক্ষীয় সফরে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। আকস্মিকভাবে সফরটি এখন পিছিয়ে আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ১৮ ডিসেম্বর থেকে প্রস্তাবিত খসড়া সফরসূচিতে কিছু সমস্যা থাকায় এটি পেছানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের জুনে ঢাকায় এসেছিলেন। মোদির আমন্ত্রণে এই ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল।
কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, বাংলাদেশ গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর দিল্লি সফর পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিনই বাংলাদেশ ভারতকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। কারণ, ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে দেশেই প্রধানমন্ত্রীর ব্যস্ততা আছে। এর পরদিন আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিতির কারণে প্রধানমন্ত্রীকে ওই দিনও দেশে থাকতে হবে। ফলে ১৮ ডিসেম্বর সফর শুরু হলেও ১৯ ডিসেম্বর একাত্তরে আত্মোৎসর্গকৃত ভারতীয় সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়া নিয়ে সংশয় ছিল। কারণ, ওই দিন নরেন্দ্র মোদির দিল্লির বাইরে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে। তাই তাঁকে ছাড়া এ ধরনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন ঠিক হবে না—এটি বিবেচনায় নিয়ে সফরটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তা ছাড়া এই সফরের পরপরই চীন সফর নিয়ে মোদির ব্যস্ততা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের অনুরোধের পর দুই পক্ষ সফরটি পিছিয়ে দিতে একমত হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধের প্রস্তাবিত সফরটি কমপক্ষে কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে। সফরের নতুন সময়সূচি দুই পক্ষ খুব শিগগির জানাবে বলে সূত্রটি আশা প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সূচিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার সফরসূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত জানানোর দিনটিতে সমুদ্রসীমা ও নৌপরিবহন বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দুটি আলোচনা চলছিল। এর মধ্যে প্রধানমন্ত্রীর সফরের সময় সইয়ের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণ এবং উপকূলীয় জাহাজে যাত্রী পরিবহন নিয়ে তিনটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয় নৌপরিবহনসচিবদের বৈঠকে।
প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতের সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার সফর পিছিয়ে দেওয়ার কথা জানালেও কেন পেছানো হয়েছে, সে ব্যাপারে মুখ খোলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, বিশেষ কারণে সফর আপাতত স্থগিত হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ভারতে আসুন না কেন, তাঁকে সর্বোচ্চ উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
তবে দুই দিনে কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, শুধু সময়সূচির জটিলতার কারণে সফরটি পেছানো হয়নি; বরং দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকটি ফলপ্রসূ করতে যথাযথ প্রস্তুতির অভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন ভারতের নেতৃত্বের ধারাবাহিক আশ্বাসের কারণে তিস্তা চুক্তি নিয়ে ভরসায় থেকেছে বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনার দিল্লি সফরে অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তি সইয়ের কোনো আভাস মিলছে না। তেমনি এবার ভারতের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার নতুন একটি রূপরেখা সইয়ের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পায়রা বন্দরসহ একাধিক বড় প্রকল্পে অর্থায়ন দুই দেশের সম্পর্কে নতুন উপাদান যুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে। সব মিলিয়ে কাজগুলো গুছিয়ে করার জন্য আরও কিছুটা সময় পাওয়া গেলে তা সফরটিকে অধিকতর অর্থবহ করে তুলবে।
প্রতিরক্ষা সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য ৩০ নভেম্বর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুই দিনের সফরে ঢাকায় আসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনায় এ দেশের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বাড়াতে নতুন নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন মনোহর পারিকর।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তিস্তা চুক্তিতে কোনো অগ্রগতি না থাকলেও এটিকে অগ্রাধিকার হিসেবে দেখছে বাংলাদেশ। তাই দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সমীকরণকে বাংলাদেশ সে দেশের নিজস্ব বিষয় মনে করে। তেমনি ভারতের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য দ্রুত চুক্তিটি সই করা উচিত বলে মনে করে বাংলাদেশ। কারণ সম্পর্কের বাঁক পরিবর্তনের এই সময়টাতে এসে তিস্তার মতো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টি সুরাহা বাংলাদেশের জন্য জরুরি।
এই সফরে প্রতিরক্ষা, বড় প্রকল্পে অর্থায়ন, বাণিজ্য, বিনিয়োগ ছাড়াও মহাকাশ, স্যাটেলাইটসহ বিভিন্ন খাতে অন্তত ৩০টি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া সমুদ্রবন্দর, বিমানবন্দর, সড়কসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে সৃজনশীল পন্থায় ভারতের অর্থায়নের ব্যাপারে প্রস্তুতি রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে।
প্রধানমন্ত্রী এবার ভারত সফরে গেলে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়ার পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রী সফরের সময় একটি অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন। অন্য শহীদ পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে এই সম্মাননা দেওয়া হবে।